তেহরান (ইকনা): সৌদি আরবে চলছে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরত বিষয়ক ৯ মাসব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। ‘হিজরাহ : ইন দ্য ফুটস্টেপস অব দ্য প্রফেট’ শীর্ষক এ প্রদর্শনীতে রয়েছে মহানবী (সা.)-এর ব্যবহৃত জুতার একটি প্রতিকৃতি, যার আয়োজন করে কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার (ইথরা)।

মরক্কোর বিখ্যাত মুহাদ্দিস ইবনে আসাকির (রহ.) (মৃত্যু : ১২৮৭ খ্রি.)-এর বর্ণনা অনুসারে, ত্রয়োদশ শতাব্দীতে হুবহু আসল জুতার প্রতিরূপে এ জুতাটি তৈরি করেন আন্দুলুসিয়ার কারিগররা। উল্লেখ্য, গত ৩১ জুলাই হিজরি নববর্ষ উপলক্ষে জাহরান এলাকায় আন্তর্জাতিক এ প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদির পূর্বাঞ্চলীয় গভর্নর প্রিন্স সাউদ বিন নায়েফ বিন আবদুল আজিজ।
তিন বছর ধরে ২০টি দেশের ৭০ জনের বেশি গবেষক ও শিল্পীর সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রদর্শনীর নকশা করা হয়। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মদিনা ছাড়াও বিশ্বের বিভিন্ন শহরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সূত্র : আল-আরাবিয়া ও আরব নিউজ