
আজ ১০ মে বুধবার থেকে শুরু হচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের বার্ষিক সম্মেলন। চার দিনব্যাপী এই সম্মেলন সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল্লাহ কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ৫৭ সদস্য দেশের প্রতিনিধি, ব্যাংকের নীতিনির্ধারক, মূল স্টোকহোল্ডার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। তাঁরা ব্যাংকের উন্নয়নমূলক পরিকল্পনা এবং বিগত দিনের কর্মসূচির ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনের মূল পর্বে থাকবে শীর্ষ নেতাদের অধিবেশন, যৌথ বৈঠক, কৌশলগত বৈঠক। এ ছাড়া সম্মেলনে দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নারী ও যুবাদের কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও উদ্ভাবন নিয়ে আলোচনা হবে। সদস্যদেশগুলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করতে নিজেদের উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করতে পারবে।
এবারের সম্মেলনে আইডিবি গ্রুপের অন্তর্ভুক্ত প্রাইভেট সেক্টর ফোরামসহ আইসিআইইসি, আইটিএফসি ও আইসিডি অংশগ্রহণ করবে। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ৫৭টি সদস্য দেশের সংকট সামনে রেখে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগ’।
তথ্যসূত্র : ট্রেড আরাবিয়া ও আইডিবির ওয়েবসাইট