IQNA

মক্কা সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে কুরআন অবমাননা করার পরিণতি সম্পর্কে সতর্কতা

20:03 - August 15, 2023
সংবাদ: 3474214
মক্কা (ইকনা): মুসলিম ঐক্য, সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধসহ মুসলিম দেশসহ সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কায় আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
ইসলাম ও মুসলিমদের সেবা এবং মধ্যপন্থা প্রসারে সৌদি আরবের প্রচেষ্টার বার্তা বিশ্বের কাছে তুলে ধরতে এ সম্মেলন আয়োজন করা হয়। এতে পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধ ও পবিত্র কোরআনের মর্যাদার সুরক্ষা, ফতোয়া প্রদানে সতর্কতাসহ ধর্মীয় ক্ষেত্রে উগ্রতা পরিহারের আহ্বান জানানো হয়। গত ১৩-১৪ আগস্ট সৌদি আরবের মক্কায় দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
এতে ৮৫টি দেশ থেকে দেড় শতাধিক আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বশীলরা অংশ নেন। ‘সারা বিশ্বের ধর্মীয় প্রতিষ্ঠান, মুফতি, মাশায়েখ ও সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ তৈরি’ শীর্ষক সম্মেলনটি আয়োজন করে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। 
 
আর দ্বিনের প্রধান উৎস হিসেবে কোরআন ও সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরার ওপর জোর দেওয়া হয়। বলা হয়, সব ধরনের বিভ্রান্তি, ভ্রষ্টতা ও ফেতনা থেকে রক্ষায় এ দুটি উৎসকে যথাযথভাবে অনুসরণ অপরিহার্য। তাই ইসলামের মৌলিক বিষয়াবলির ওপর ভিত্তি করে সব আলেম, মুফতি ও ধর্মীয় প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্মেলনে ফতোয়া প্রদানের ক্ষেত্রে ইসলামী শরিয়তের নির্দিষ্ট নীতিমালা যথার্থভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
সর্বোপরি সম্মেলনের পবিত্র কোরআনের বিভিন্ন কপিতে অগ্নিসংযোগসহ সব ধরনের অবমাননাকর ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড মানবিক সমাজের মূল্যবোধ পরিপন্থী এবং তা সমাজে ঘৃণা ও সামপ্রদায়িকতা প্রসারে বিশেষ ভূমিকা পালন করে। উদ্বোধনী বক্তব্যে সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আল-শায়খ আশা ব্যক্ত করে বলেন, সম্মেলনটি মুসলিমদের মধ্যে ঐক্য, সহযোগিতা, অংশীদারত্ব ও সংহতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পবিত্র কোরআন ও সুন্নাহর যথাযথ অনুকরণের মাধ্যমে মুসলিম সমাজে ইসলামের মধ্যপন্থা নীতির প্রসার ঘটানো এ সম্মেলনের প্রধান লক্ষ্য।
captcha