IQNA

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ৯ আরব দেশের

23:13 - October 28, 2023
সংবাদ: 3474574
তেহরান (ইকনা): গাজায় সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে বাধ্য করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আরব বিশ্ব। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে মিসর, জর্দান, সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, মরক্কোসহ মধ্যপ্রাচ্যের ৯টি দেশ।
এর আগে গত শনিবার মিসরের কায়রো সম্মেলনের ব্যর্থ সমাপ্তির পর প্রকাশিত এই ‍বিবৃতিতে ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিশ্বকে মানবিক সহায়তার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
 
বিবৃতিতে  ৯ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তাঁরা বেসামরিক মানুষের ওপর হামলা, তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও সম্মিলিত শাস্তিনীতি প্রত্যাখ্যান করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন।
 
বিবৃতিতে ফিলিস্তিন জাতি এবং এই অঞ্চলের দেশগুলোর জনগণ বা অন্য কোনোভাবে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার সব প্রচেষ্টা প্রত্যাখ্যান করার কথা বলা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো নিরাপত্তা পরিষদকে অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাজ করার দাবি জানায়। এ ছাড়া মানবিক নীতি অনুযায়ী গাজা উপত্যকায় বাধা ছাড়াই দ্রুত নিরাপদ ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়, বিশেষত ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে আর্থিক সহায়তা পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
 
এদিকে আগের বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুটি প্রস্তাব পাস করাতে ব্যর্থ হয়।
 
এর মধ্যে রাশিয়ার প্রস্তাবে স্থায়ী বিরতির আহ্বান জানানো হয়। এ বিষয়ে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গিত বলেন, ‘সামরিক অভিযান বন্ধে নিরাপত্তা পরিষদের এই ব্যর্থতা আন্তর্জাতিক প্রকৃত ইচ্ছার অভাবকে প্রতিফলিত করে। অথচ গাজা উপত্যকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি দখলদার বাহিনীর এই অভিযান আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের শামিল।’ ফিলিস্তিনের গাজায় গত ২০ দিনে ইসরায়েলি হামলায় সাত হাজারেরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে এক-তৃতীয়াংশ নারী ও শিশু।
    সূত্র : আনাদোলু এজেন্সি
captcha