IQNA

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ৩৫ বছর

0:02 - November 18, 2023
সংবাদ: 3474668
তেহরান (ইকনা): গাজায় চলমান নৃশংস যুদ্ধের ৪০তম দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ৩৫ বছর পালিত হয়। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানীতে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
গাজায় চলমান নৃশংস যুদ্ধের ৪০তম দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ৩৫ বছর পালিত হয়। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানীতে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন। এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে। স্বাধীনতা দিবস উপলক্ষে তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশ ফিলিস্তিনকে শুভেচ্ছা জানায়।
 
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন, ‘আজ এমন মুহূর্তে স্বাধীনতার ঘোষণা উদযাপন করছি, যখন গাজা উপত্যকা, পশ্চিম তীর, রাজধানী জেরুজালেমসহ পুরো অঞ্চলে আমাদের জনগণের বিরুদ্ধে পুরো বিশ্বের সামনে দখলদার বাহিনী বর্বর যুদ্ধ ও গণহত্যা পরিচালনা করছে। এই ভূমি থেকে আমাদের উপস্থিতি উপড়ে ফেলা হচ্ছে, যেখানে আমাদের বাপ-দাদারা ছয় হাজার বছরের বেশি সময় ধরে ছিলেন।’
 
 এদিকে গাজাবাসীর পক্ষে সমর্থন গড়তে তুরস্কে বিশ্বের ফার্স্ট লেডিদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
গত বুধবার ইস্তাম্বুলে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে ‘ওয়ান হার্ট ফর প্যালেস্টাইন’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয় ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানাসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল। এ ছাড়া মিসর, কাতার, আমিরাত, মালয়েশিয়া, পাকিস্তান, লিবিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, স্কটল্যান্ড, কঙ্গো, বসনিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা, আজারবাইজানসহ ১৬টি দেশের রাষ্ট্রপ্রধানদের স্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনি জনগণের পক্ষে আওয়াজ তুলতে বিশ্বনেতাদের আহ্বান জানানো হয়।
গাজা থেকে রোগীদের তুরস্ক নেওয়া হচ্ছে
এদিকে গাজায় থাকা ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য তুরস্কে সরিয়ে নেওয়া হচ্ছে।
 
তাদের অ্যাম্বুলেন্সে করে রাফাহ ক্রসিং দিয়ে মিসরের সামরিক বিমানবন্দরে নেওয়া হবে। এরপর সেখান থেকে তুরস্কে নেওয়া হবে। জাতিসংঘ অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল গাজার হাসপাতালগুলোতে হামলা অব্যাহত রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লেখা এক চিঠিতে গাজা উপত্যকায় চলমান সংঘাতে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ২৪ ডেমোক্র্যাট সদস্য। তাঁরা বাইডেনকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানান।
অবশ্য বাইডেন দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ইসরায়েল ও ফিলিস্তিনের চূড়ান্ত উত্তর বলে জানান। গাজায় ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের ৪২ দিন পার হতে চলেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ১১ হাজারে পৌঁছেছে, যার মধ্যে চার হাজার ৭১০টি শিশু ও তিন হাজার ১৬০ জন নারী রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
captcha