IQNA

নববর্ষের প্রথম প্রহরে গাজার প্রতি সংহতি

18:23 - January 02, 2024
সংবাদ: 3474867
তুরস্কে নতুন বছরের প্রথম প্রহরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। সোমবার (১ জানুয়ারি) ফজরের নামাজের পর ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ, সুলতান আহমদ মসজিদসহ কয়েকটি মসজিদে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এরপর সবাই গালাতা সেতু হয়ে বসফরাস প্রণালীর দিকে যায়। তুর্কি সেনাবাহিনীর শহীদ ও ফিলিস্তিনি জাতির স্মরণে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেয় দেশটির সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ হাজার হাজার মুসল্লি।
 
 
তুর্কি ইয়ুথ এনডাউমেন্টের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল উইল প্ল্যাটফরমসহ বিভিন্ন সামাজিক সংগঠন ‘শহীদদের জন্য দোয়া এবং ফিলিস্তিনের প্রতি সংহতি’ শীর্ষক এই আয়োজন করে। এ সময় ফিলিস্তিনের পক্ষে ‘অপরাধী ইসরায়েল, ফিলিস্তিন ছেড়ে দাও’, ‘আমাদের প্রাণ আল-আকসার মুক্তির জন্য’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে মসজিদ প্রাঙ্গণে সমবেত জনতা।
এদিকে ২০২৩ সালের বিদায়কালে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবার বার্লিনের অ্যাডেনাউয়ের প্ল্যাটজ স্কোয়ারে ইউনাইটেড প্যালেস্টাইন ন্যাশনাল কমিটি আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গণহত্যা বন্ধের আহ্বান জানায়।
এদিকে প্যারিসের চ্যাটেলেট মেট্রো স্টেশনে বিক্ষোভকারীরা সবুজ, লাল ও কালো রঙে নিজেদের আঙুল এঁকে যুদ্ধবিরতির দাবি জানায়। এ সময় পর্দার মাধ্যমে গাজাবাসীর ভয়াবহ পরিস্থিতি তুলে ধরা হয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
captcha