IQNA

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু; ভোট দিলেন সর্বোচ্চ নেতা

10:44 - July 05, 2024
সংবাদ: 3475695
ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং রাজধানী তেহরানে প্রথম প্রহরেই ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
এরইমধ্যে তিনি সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়েছেন। সর্বোচ্চ নেতা বলেছেন, “আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এই দিক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের এই ভোট ইরানি জনগণের সামনে মহা সুযোগ এনে দিয়েছে।”
 
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে, এ সময়ের পরেও যদি ভোট কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য মাত্রায় ভোটার উপস্থিতি থাকে তাহলে ভোট গ্রহণের সময় বাড়ানো হবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন। 
 
প্রথম দফার নির্বাচনে দেশের ভেতরে ভোট গ্রহণের জন্য ৫৯ হাজার ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। আজকের নির্বাচনেও কেন্দ্রের সংখ্যা একই থাকবে। তবে প্রয়োজনে বাড়ানোর কথা বলেছেন নির্বাচনী কর্মকর্তারা। 
 
আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির মধ্যে। 
 
গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। ধারণা করা হচ্ছে- আজকের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৮ জুনের নির্বাচনে ২ কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন। এরমধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি ৪ লাখ ভোট। অন্যদিকে, সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাঈদ জালিলি পান ৯৪ লাখ ভোট।
captcha