IQNA

পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সেনা নিহত

22:22 - March 10, 2025
সংবাদ: 3477003
ইকনা- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্থানীয় তালেবানের হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন। প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সেনাদের প্রাণহানি ঘটেছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত সাতজন। 
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় তালেবানের হামলায় চার সেনা নিহত হয়েছেন।
 
 
পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে  দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, রবিবার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন।
 
 
নিরাপত্তা তল্লাশি চৌকিটির কাছে আফগানিস্তান সীমান্ত রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চলে প্রায়ই সহিংস ঘটনা ঘটে।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরেছে তালেবানরা। এর পর থেকে পাকিস্তানে তালেবানের সহযোগী গোষ্ঠীগুলোর সহিংসতা বেড়ে গেছে।
 
 
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
সূত্র : এএফপি
captcha