
মালদ্বীপের ইসলামিক বিষয়ক মন্ত্রী মুহাম্মদ শাহিম আলী সাঈদ ঘোষণা করেছেন যে, শিগগিরই রাজধানী মালেতে কয়েকটি নতুন মসজিদ নির্মাণ করে পুরোনোগুলোর পরিবর্তে চালু করা হবে।
তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “এম. বুদুগ” মসজিদের ভিত্তিপ্রস্তর বুধবার স্থাপন করা হয়েছে এবং আশা করা হচ্ছে, এটি দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।
মন্ত্রী শাহিম আরও জানান, “বারুবারি মসজিদ” যার নির্মাণ কাজ গত বছরের শেষ দিকে শুরু হয়েছিল, তা ডিসেম্বর মাসে সম্পন্ন ও উদ্বোধন করা হবে।
এছাড়া “জিকুরা মসজিদ”-এর নির্মাণ কাজ আগামী জানুয়ারি মাসে শুরু হবে; ইতোমধ্যে জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং ডিজাইন প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “সালাম মসজিদ” ধ্বংস করে তার জায়গায় একটি আধুনিক মসজিদ নির্মাণ করা হবে, এবং এই প্রকল্পও বর্তমানে নকশা পর্যায়ে রয়েছে।
এছাড়া “হুলহুমালে ফেজ–১” এলাকায়, বর্তমান অস্থায়ী মসজিদের জায়গায় একটি আধুনিক স্থায়ী মসজিদ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
মন্ত্রী শাহিম জানান, এসব নির্মাণ প্রকল্পে মোট ২০০ মিলিয়ন মালদ্বীপি রুফিয়া ব্যয় হবে এবং সব প্রকল্পের জন্যই অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এসব প্রকল্প শেষ হওয়ার পর “আফিফুদ্দিন হানিভেরু মসজিদ” হবে মালেতে অবশিষ্ট একমাত্র পুরোনো মসজিদ, যা আগামী বছর পুনর্নির্মাণের পরিকল্পনায় রয়েছে।
মন্ত্রী শাহিম বলেন, “আমরা পুরোনো মসজিদগুলো আধুনিক মানে পুনর্নির্মাণ করলেও ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মসজিদগুলো সংরক্ষণ করা হবে।”
তিনি আরও জানান, নতুন মসজিদগুলো শুধু নামাজের স্থান হিসেবেই নয়, বরং ধর্মীয় শিক্ষা, গবেষণা ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। 4313788#