IQNA

আসামে শত শত মুসলিম পরিবারের ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো    

14:50 - December 01, 2025
সংবাদ: 3478529
ইকনা- গুয়াহাটি, ১ ডিসেম্বর ২০২৫: ভারতের আসাম রাজ্যে ফের ব্যাপক হারে মুসলিম বাঙালি পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নাগাঁও জেলার লাওতুমারি অঞ্চলে শনিবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ১৫০০-র বেশি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজ্য সরকারের দাবি, লাওতুমারি সংরক্ষিত বনাঞ্চলের ৭৯৫ হেক্টর জমি থেকে অবৈধ দখলদারদেরউচ্ছেদ করা হচ্ছে। এর আগে ১১০০-র বেশি পরিবার নিজেদের ঘর ছেড়ে চলে গেছে। বাকি ঘরগুলো শনিবার গুঁড়িয়ে দেওয়া হয়।

 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের সামাজিক মাধ্যমে বুলডোজারে ঘর ভাঙার ভিডিও পোস্ট করে লেখেন:  লাওতুমারি সংরক্ষিত বনে আজ ১৪৪১টি অবৈধ স্থাপনা পরিষ্কার করা হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই। আগামীকাল বাকি ১৩টি ঘর ও বাগান পরিষ্কার করতে আবার আসব।

 

মানবাধিকার সংগঠন ও কর্মীরা অভিযোগ করেছেন, আসামে বাঙালি মুসলিমদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা হচ্ছে। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিকবার এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই মাসের শুরুতেই গোয়ালপাড়া জেলায় ৫৮০টি পরিবারকে বেঘর করা হয়।

 

কর্মীরা বলছেন, এই উচ্ছেদ অভিযানগুলো অমানবিক এবং সংবিধানের লঙ্ঘন। অধিকাংশ ক্ষেত্রেই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে। 4320166#

captcha