
ব্লুমবার্গের বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, অভিযোগটি মাইক্রোসফটেরই কিছু কর্মীর স্বীকারোক্তির ভিত্তিতে দায়ের করা হয়েছে। আইরিশ সিভিল লিবার্টিজ কাউন্সিল আইরল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশনের কাছে দাবি জানিয়েছে — মাইক্রোসফট যেভাবে ইসরায়েলের সামরিক ও সরকারি তথ্য প্রক্রিয়াকরণ করছে, তা তদন্ত করে প্রয়োজনে তাৎক্ষণিক বন্ধ করতে হবে।
অভিযোগটি আইরল্যান্ডে দায়ের করা হয়েছে কারণ ইউরোপে মাইক্রোসফটের সদর দপ্তর সেখানেই অবস্থিত এবং ইইউ-এর কঠোর ডেটা সুরক্ষা আইন GDPR প্রয়োগের দায়িত্ব আইরিশ কর্তৃপক্ষের ওপর। অভিযোগে বলা হয়েছে, এ ধরনের তথ্য স্থানান্তর আইরল্যান্ডের সংবেদনশীল তথ্য তদারকির ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে।
অভিযোগে ECO নামক লবিং গ্রুপের সহায়তায় মাইক্রোসফটের অভ্যন্তরীণ হুইসলব্লোয়ারদের তথ্য উল্লেখ করা হয়েছে।
চলতি বছর আগস্টে গার্ডিয়ান, +৯৭২ ম্যাগাজিন ও লোকাল কলের যৌথ অনুসন্ধানে প্রকাশ পায় যে, ইসরায়েলি গোয়েন্দা ইউনিট ৮২০০ গাজা ও পশ্চিম তীরের লাখো ফিলিস্তিনির দৈনিক টেলিফোন কল রেকর্ড সংরক্ষণের জন্য মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের একটি বিশেষ বিচ্ছিন্ন অংশ ব্যবহার করেছে। এরপর মাইক্রোসফট বহিরাগত তদন্তের ঘোষণা দেয় এবং জানায়, “গাজা ও পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি” থেকে প্রাপ্ত কল ডেটা সংরক্ষণ তাদের সার্ভিস শর্ত লঙ্ঘন করে।
এদিকে মাইক্রোসফটের অভ্যন্তরীণ কর্মীদের ‘নো অ্যাজুর ফর অ্যাপারথাইড’ ক্যাম্পেইন কোম্পানিটিকে “গণহত্যা ও অ্যাপারথাইডে সহযোগিতার” অভিযোগ এনে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে। 4320934#