IQNA

ওমানে ১১০ হাফেজে কুরআনের খতমে কুরআন কর্মসূচিতে অংশগ্রহণ

0:03 - December 30, 2025
সংবাদ: 3478701
ইকনা: ওমানের ১১০ জন হাফেজে কুরআন ‘সালালাহ’ শহরে যিম্মি (মুখস্থ) খতমে কুরআন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

ওমান ডেইলির বরাত দিয়ে ইকনা জানায়, এই অনুষ্ঠানটি ওমানের “আসসোসিয়েশন অব কেয়ার ফর দ্য হোলি কুরআন”-এর অধীনস্থ সালালাহ কুরআন সেন্টারের উদ্যোগে এবং ধোফার প্রদেশের মেয়র আহমাদ বিন মুহসিন আল-গাসানির তত্ত্বাবধানে ২০২৫ সালের বার্ষিক প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং তারা আল্লাহর কিতাবের পূর্ণাঙ্গ বা অংশবিশেষ যা মুখস্থ করেছেন, তা তিলাওয়াত করেন।

এই আয়োজনে ১১০ জন ছাত্র-ছাত্রী হাফেজে কুরআন উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল: পূর্ণ কুরআন হিফজ: ৬ জন, ২০ জুজ: ৬ জন, ১৫ জুজ: ৫ জন, ১০ জুজ: ১২ জন, ৫ জুজ: ৪১ জন, ২ জুজ: ৪০ জন।

সালালাহ কুরআন সেন্টারের পরিচালক রায়েদ বিন আওয়াদ আল-বালখাইর বলেন, এই কর্মসূচিতে ওমানি সমাজের বিভিন্ন স্তরের নারী-পুরুষ (১৫ বছর ও তার ঊর্ধ্বে) অংশ নিয়েছেন, যারা তাজভিদে দক্ষ এবং কুরআন তিলাওয়াতে প্রয়োজনীয় গতি রাখেন।

তিনি আরও বলেন, এই আয়োজনের গুরুত্ব নিহিত কুরআন কারিমের মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ওহির কালামের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করানো – যা হিফজ, তিলাওয়াত ও আয়াতসমূহে চিন্তা-গবেষণার মাধ্যমে সম্ভব।

আল-বালখাইর জানান, হাফেজদের মুখস্থকৃত অংশ পর্যালোচনা ও সুদৃঢ় করা, নারী-পুরুষ হাফেজদের মধ্যে নতুন প্রতিভা আবিষ্কার, দেশি-বিদেশি কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুত ও উৎসাহিত করা এবং অংশগ্রহণকারীদের মাঝে উদ্দীপনা, প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস জাগ্রত করা – এসবই খতমে কুরআনের বিবিধ লক্ষ্য।

সালালাহ শহর ওমান সালতানাতের ধোফার প্রদেশের অংশ এবং এটি প্রদেশের কেন্দ্রীয় ও প্রধান শহর, যা দেশটির দক্ষিণ উপকূলে অবস্থিত। 4325618#

captcha