
আনাদোলু আরবির বরাত দিয়ে ইকনা জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য তুরস্কের জনমনে বাইতুল মুকাদ্দাসের আধ্যাত্মিক ও প্রতীকী গুরুত্ব জাগরূক রাখা এবং ফিলিস্তিনের প্রতি সংহতির সুস্পষ্ট বার্তা দেওয়া।
ত্রাবজোন পৌরসভা মসজিদুল আকসার এই মিনিয়েচার মডেলটি শহরের ওরতাহিসার জেলায় অবস্থিত “হানিফে খাতুন” মসজিদ ও কমপ্লেক্সের পাশে স্থাপন করেছে। প্রায় দুই মাসের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
তুরস্কে মসজিদুল আকসার মডেল প্রদর্শন নতুন কিছু নয়। এর আগেও তুর্কি শিল্পী দোগান খাত্তাত ওগলু নির্মিত মাটির তৈরি মসজিদুল আকসার মডেলটি ইসরা ও মিরাজের বার্ষিকী উপলক্ষে এরজুরুম শহরের একটি মসজিদে প্রদর্শিত হয়েছিল।
এই শিল্পী এখন পর্যন্ত ৪০টি পবিত্র স্থানের মিনিয়েচার মডেল তৈরি করেছেন, যার মধ্যে মসজিদুল হারাম ও মসজিদে নববীর মডেলও রয়েছে।
প্রথম কিবলার এই মডেল তৈরির অভিজ্ঞতা বর্ণনা করে দোগান খাত্তাত ওগলু বলেন, “আমি কুদস থেকে আনা মাটি দিয়ে এই মডেল তৈরি করেছি। কিন্তু কুদস থেকে মাটি আনা মোটেও সহজ ছিল না। ইসরায়েলি সেনারা এই কাজে বাধা দিত এবং আমাদের বারবার জিজ্ঞাসাবাদ করত। তবুও যা হয়েছে, শেষ পর্যন্ত কুদস থেকে কিছু মাটি সংগ্রহ করতে সক্ষম হয়েছি।”