
ইকনা’র প্রতিবেদনে আবনা’র বরাতে বলা হয়েছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি প্রতিবেদনের জবাবে জানান যে, তাকে ২০২৫ সালের জন্য দেশে ‘বিদ্বেষ ছড়ানোর শীর্ষ বক্তা’ হিসেবে যে র্যাঙ্কিং দেওয়া হয়েছে, তিনি তা মেনে নিচ্ছেন।
ভারতের ‘হেট স্পিচ সেন্টার’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ধামি ৭১টি নথিভুক্ত বক্তৃতার মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য প্রদানকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০২৫ সালে ভারতে বিদ্বেষ ছড়ানো হয়েছে একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, গণমাধ্যম সংশ্লিষ্টরা, এমনকি মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে ধামি ওই প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, “একটি আমেরিকান বেসরকারি সংস্থা আমাকে বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে এক নম্বরে রেখেছে। তাহলে কি উত্তরাখণ্ডে অবৈধ অভিবাসন, জোরপূর্বক ধর্মান্তর এবং সহিংসতাকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আইন প্রণয়ন করা উচিত নয়?”
তিনি আরও বলেন, যদি এসব বিষয় উত্থাপন করাকেই বিদ্বেষমূলক বক্তব্য বলা হয়, তাহলে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত। 4330936#