
ইয়েমেনভিত্তিক “নূন” কুরআন ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে দেওয়া মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অবস্থান কুরআনের ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদমাধ্যম ইকনার প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন আগে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ এক বিবৃতিতে তথাকথিত “ইরানের অযৌক্তিক হামলা” অব্যাহত থাকার নিন্দা জানায়। এতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো, কিছু আরব রাষ্ট্র এবং প্রতিবেশী মুসলিম দেশের ওপর এসব হামলার সমালোচনা করা হয়।
ওই বিবৃতিতে আল-আজহার যুক্তরাষ্ট্র ও সিয়োনবাদী শাসনের প্রকাশ্য আগ্রাসনের বিষয়টি উল্লেখ করেনি। একইসঙ্গে আরব দেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক সুবিধা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার বিষয়টিও উপেক্ষা করা হয়েছে। বরং সেখানে ইরানকে অবিলম্বে আরব দেশগুলোর বিরুদ্ধে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করা এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।
এই অবস্থানের প্রতিক্রিয়ায় ইয়েমেনের “নূন” কুরআন ফাউন্ডেশন একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে:
“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাক এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও।” (সূরা নিসা: ১৩৫)
বিবৃতিতে আরও বলা হয়, এমন এক সময়ে যখন ধারণাগুলো বিভ্রান্ত হয়ে গেছে, ভারসাম্য উল্টে গেছে, সত্যকে দমন করা হচ্ছে এবং প্রতিরোধকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে— তখন প্রয়োজন কুরআনের সত্যভিত্তিক বাণী, যা বাস্তবতাকে তার সঠিক অবস্থানে ফিরিয়ে আনবে এবং বিকৃত চিত্রের অসত্যতা উন্মোচন করবে।