IQNA

ইরাকে আস্তানে হুসাইনীতে ১৬০৫টি ভার্চুয়াল কুরআন খতম নিবন্ধিত

16:17 - April 07, 2026
সংবাদ: 3479054
ইকনা- ইরাকের পবিত্র আস্তানে হুসাইনী (হযরত ইমাম হুসাইন (আ.)-এর রওজা শরীফ)-এর দারুল কুরআনের অধীন গবেষণা ও কুরআনী অধ্যয়ন কেন্দ্রের ভার্চুয়াল কুরআনী কার্যক্রম ইউনিট জানিয়েছে, বিশেষ করে নারীদের জন্য আয়োজিত ভার্চুয়াল কুরআন খতমের সংখ্যা ১৬০৫-এ উন্নীত হয়েছে।

ইকনা (ইসলামী সাংস্কৃতিক সংবাদ সংস্থা) থেকে ইরাক প্রতিনিধির বরাতে জানা যায়, আস্তানে হুসাইনীর কুরআনী মিডিয়া সেন্টারের প্রধান ওয়েসাম নাজির আদ-দুলফি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কুরআনী গবেষণা ও অধ্যয়ন কেন্দ্রের ভার্চুয়াল কুরআনী কার্যক্রম ইউনিটের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় ভার্চুয়াল মাধ্যমে মোট ১৬০৫টি কুরআন খতম সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, এই কর্মসূচি মুহাম্মাদ আত-তায়ী (ভার্চুয়াল কুরআনী কার্যক্রম ইউনিটের দায়িত্বশীল)-এর তত্ত্বাবধানে, ইমাইলাফ আল-হালফীর সমন্বয়ে এবং মুরতাজা জামালুদ্দীন (বৈজ্ঞানিক বিভাগের প্রধান)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

আদ-দুলফি বলেন, এই খতমসমূহে নারী কুরআন শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মোট ২৮৪ জন নারী শিক্ষিকা ৯টি ভার্চুয়াল কুরআনী স্কুলের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

তিনি জানান, হাফিজে কুরআন শিক্ষক ও ছাত্রীরা অনলাইনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে কুরআন তিলাওয়াত ও খতম সম্পন্ন করেছেন।

এছাড়া খতমের পাশাপাশি টেলিগ্রামের মাধ্যমে সরাসরি শিক্ষামূলক কর্মসূচিও চালু রয়েছে, যেখানে কুরআন শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ ও আলোচনা করা হয়। প্রতিটি স্কুলে নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণকারী রয়েছে।

এই উদ্যোগ পবিত্র আস্তানে হুসাইনীর কুরআনী কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যাপক করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

4344688

captcha