
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তাবুনের নির্দেশে দেশটির স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে এই কুরআন পুনর্মুদ্রণ করা হয়।
এই মুসহাফটি কয়েক দশক আগে আলজেরিয়ায় মুদ্রিত হয়েছিল এবং দেশটির কুরআনিক বিদ্যালয় ও ঐতিহ্যবাহী মক্তবগুলোতে কুরআন শিক্ষার পদ্ধতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইতিহাসে জানা যায়, আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সময় ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করা মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই কুরআন ছিল। ফলে এটি দেশটির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, যার মাধ্যমে আলজেরিয়ানরা তাদের ধর্মীয় ও জাতীয় পরিচয় সংরক্ষণ করেছে।
আফ্রিকার সাহেল অঞ্চলে ব্যাপক পরিচিতি পাওয়ার পর এই কুরআন “আলজেরিয়ার মুসহাফ” নামে খ্যাতি অর্জন করে। আলজেরিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের মধ্যে ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্ক জোরদার করতে এটি বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া কুরআনের সেবা ও ইসলামী মূল্যবোধ প্রচারের অংশ হিসেবে এই মুসহাফ বিশ্বের বিভিন্ন মুসলিম অঞ্চলেও বিতরণ করা হচ্ছে।
আলজেরিয়ার ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয় এই কুরআনের বিনামূল্যে বিতরণের দায়িত্ব পালন করছে। ২০২৩ সালে এটি একটি বিশেষ সংস্করণে সাধারণ লিপি ও ব্রেইল—দুইভাবে প্রকাশিত হয়।
একটি বিশেষজ্ঞ কমিটি, আলজেরিয়ার কুরআন পর্যালোচনা কমিটির সমন্বয়ে, ব্রেইল সংস্করণের তত্ত্বাবধান করে। সাধারণ ও ব্রেইল—উভয় সংস্করণই আজ বিশ্ব ইসলামে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করছে এবং কুরআনের সেবায় দেশটির আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন তুলে ধরছে।