
থাইল্যান্ডের প্রা নাখোন সি আয়ুত্থায়া প্রদেশের কুদি চোপা মসজিদ দীর্ঘ দুই বছরের সংস্কার প্রকল্প শেষে আবার চালু হয়েছে। থাইল্যান্ডের ঐতিহাসিক সূত্র অনুসারে, এই মসজিদের বয়স ৬০০ বছরেরও বেশি।
এই মসজিদটি থাইল্যান্ডে ইসলামের দীর্ঘ ইতিহাসের জীবন্ত সাক্ষী, যা দেশটির সাংস্কৃতিক ও সভ্যতাগত বৈচিত্র্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি ইসলামকে শুধু আধুনিক যুগের ঘটনা বলে যে সাধারণ ধারণা রয়েছে, তার বিপরীত চিত্র তুলে ধরে।
থাইল্যান্ড ট্যুরিজম অথরিটির মতে, কুদি চোপা মসজিদ দেশের অন্যতম প্রাচীন মসজিদ। এটি প্রা নাখোন সি আয়ুত্থায়া প্রদেশে অবস্থিত, যা প্রাচীন সিয়াম রাজ্যের ঐতিহাসিক রাজধানী।
থাইল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, রাজা চুলালংকর্ন এই মসজিদের নামকরণ করেছিলেন, যা ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের ইতিহাসে এর গুরুত্বপূর্ণ অবস্থানকে তুলে ধরে।
মসজিদটির সংস্কার শুধু একটি ঐতিহাসিক স্থাপনার পুনরুজ্জীবন নয়, বরং মুসলিম সম্প্রদায় ও সরকারি কর্তৃপক্ষের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের প্রতিশ্রুতির প্রতিফলন।
থাইল্যান্ডের শেখ আল-ইসলাম শেখ আরুন বুনচোম এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রীসহ বিভিন্ন সরকারি, ধর্মীয় ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 4357224#