ইকনা জানায়, নাবা’র বরাতে—কুয়েতের কয়েকজন সক্রিয় কর্মী জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের পদক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনা আবারও খলিজের কয়েকটি দেশে শিয়া ধর্মীয় অনুষ্ঠানের ওপর আরোপিত সীমাবদ্ধতার বিষয়টি সামনে এনেছে।
হুসাইনিয়া আলে ইয়াসিন কুয়েতের অন্যতম প্রাচীন শিয়া ধর্মীয় কেন্দ্র। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই হুসাইনিয়া দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে মুহাররমের অযাদারি মজলিস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে আসছিল।
হুসাইনিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মুহাররমের অযাদারি অনুষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। তবে সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
স্থানীয় সক্রিয় কর্মী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, এটি সরকারি সংস্থাগুলোর আরোপিত সীমাবদ্ধতার ফলস্বরূপ। এর ফলে আশুরার ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো এই প্রাচীন হুসাইনিয়ায় আর আয়োজন করা সম্ভব হচ্ছে না। 4360281#