IQNA

কাল জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

22:28 - December 03, 2012
সংবাদ: 2458122
আন্তর্জাতিক বিভাগ: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ (সোমবার) জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সারাদেশে হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এবং আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, সরকারের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি ও ইসলামী মূল্যবোধের ওপর আঘাতের প্রতিবাদে ৪ ডিসেম্বর (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।
বিবৃতিতে অভিযোগ করা হয়, “আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকরের দুঃশাসনে দেশ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে যাতে বিরোধীদল কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারে সে জন্য সরকার দমননীতি চালাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি গণতান্ত্রিক দল। জামায়াতে ইসলামী বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সরকারের চার বছরের মেয়াদকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শান্তিপূর্ণভাবে কোনো গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। অথচ মিছিল, সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। এ অধিকার ভোগ করার ব্যাপারে সরকার শুধু হয়রানী করছে না, অধিকন্ত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে, গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অমানবিকভাবে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তথাকথিত যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিচারের নামে প্রহসন চলছে।”

ডাঃ শফিকুর রহমান আরো বলেন, “সরকারের এ সব জুলুম অত্যাচারের মোকাবেলায় জামায়াতে ইসলামী ধৈর্যসহকারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। গত ২৯ নভেম্বর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগরীসহ সারাদেশে সকল মহানগরী, জেলা, উপজেলা ও থানা সংগঠন শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট অনুমতি চেয়ে আবেদন করে। আমরা আশা করেছিলাম সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাবেশের অনুমতি তো দেয়াই হয়নি উপরন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর মিডিয়ার সামনে অত্যন্ত কড়া ও রুঢ় ভাষায় বলেছেন, ঢাকাসহ দেশের কোথাও জামায়াতে ইসলামীকে সমাবেশ ও মিছিল করতে দেয়া হবে না। জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সভা ও মিছিলের অনুমতি নেয়নি এবং আবেদনও করেনি। অথচ গত ২৯ নভেম্বরই ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীসহ সংগঠনের সব শাখার পক্ষ থেকে সারাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছে। এ সব ঘটনা প্রবাহ থেকে প্রমাণিত হয় যে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একদলীয় বাকশালী শাসন কায়েম করতে চায়।”
তাই নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির অনুমতি না পেয়ে একান্ত বাধ্য হয়েই জামায়াতে ইসলামী আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বলে ডা. শফিক জানান। একইসঙ্গে তিনি হরতাল কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ (সোমবার) বিকাল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে জামায়েতকে ওই কর্মসূচির অনুমতি দেয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসাংবাদিকদের বলেন, ‘বেআইনিভাবে’ কাউকে সমাবেশ করতে দেয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার পরই রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরইমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকাকে ঘিরে এক প্রকারের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সমাবেশের অনুমতি না দেয়ায় আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিল জামায়াতে ইসলামী। #রেডিও তেহরান
captcha