IQNA

রমজানের ২৭তম রাতে মসজিদুল হারামে উপচে পড়া ভিড়

14:30 - April 18, 2023
সংবাদ: 3473625
তেহরান (ইকনা): মক্কার পবিত্র মসজিদুল হারামে অবস্থান করছেন লাখ লাখ মুসল্লি। স্থানীয় সময় অনুসারে গতকাল সোমবার (১৭ এপ্রিল) ছিল রমজানের ২৭তম রাত। পবিত্র কদরের রাতে মসজিদে উপস্থিত হন লাখ লাখ মুসল্লি ও ওমরাহযাত্রীরা। মসজিদ প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের এলাকা পর্যন্ত ছাড়িয়ে যায় মুসল্লিদের সারি।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদ জানায়, শায়খ আবদুর রহমান আল-সুদাইসের তত্ত্বাবধানে রমজানের ২৭তম রাত উপলক্ষে গৃহীত সব পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে সুশৃঙ্খলভাবে  মসজিদে মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা হয়। 
 
পরিচালনা পর্ষদ আরো জানায়, পবিত্র মসজিদে ১১৮টি দরজা দিয়ে প্রবেশ করেন ওমরাহযাত্রী ও মুসল্লিরা। এর মধ্যে তিনটি দরজা দিয়ে শুধু ওমরাহযাত্রী এবং ৬৮টি দরজা দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। আর জরুরি পরিস্থিতির জন্য ৫০টি দরজা ব্যবহৃত ও অভ্যন্তরে ৪০টি দরজাও ব্যবহৃত হয়। আগত মুসল্লিদের ভিড়, নিরাপত্তা স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পবিত্র মসজিদুল হারামে নিয়োজিত নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট সব বিভাগ। এ ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ করা যায়।
 
এর আগে গত শনিবার রমজান মাসের ২৫তম রাতে ১৫ লাখের বেশি মুসল্লি উপস্থিত হয়েছিল। পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর মসজিদুল হারামে এটিই সর্বোচ্চসংখ্যক মুসল্লির উপস্থিতি বলে মনে করা হয়।
captcha