IQNA

বিপ্লবী নেতার পক্ষ থেকে সাইয়্যেদ আম্মার হাকিমের সাহসী অবস্থানের প্রশংসা

11:51 - April 01, 2026
সংবাদ: 3479043
ইকনা- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী ইরাকের জাতীয় হিকমত আন্দোলনের নেতা সাইয়্যেদ আম্মার হাকিমের সাহসী ও আন্তরিক অবস্থানের প্রশংসা করেছেন। তিনি ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য তাকে বিশেষ বার্তায় ধন্যবাদ জানান।

ইরাকের জাতীয় হিকমত আন্দোলনের গণমাধ্যম দপ্তরের বরাতে জানা যায়, এই লিখিত বার্তাটি বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদিক এবং ইরানি দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়্যেদ আম্মার হাকিমের সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে তুলে দেন।

বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক ঘটনাবলিতে সাইয়্যেদ আম্মার হাকিমের আন্তরিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ইরানের প্রতি তার সমবেদনা ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইরানের প্রতি তার সমর্থনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

সাক্ষাতে ইরান ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধন নিয়েও আলোচনা হয়।

এদিকে, সাইয়্যেদ আম্মার হাকিম পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধ ও অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেন।

তিনি আরও বলেন, ইরাকের জনগণ ধর্মীয় উচ্চ নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও লেবাননের জনগণের জন্য সাহায্য সংগ্রহ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় যে ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়। এর মাধ্যমে ইরাকি জনগণ প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি সংহতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সাক্ষাতের শেষে ইরানের রাষ্ট্রদূত সর্বোচ্চ নেতার বিশেষ বার্তাটি সাইয়্যেদ আম্মার হাকিমের হাতে তুলে দেন, যেখানে তার অবস্থানের প্রশংসা এবং বিভিন্ন ঘটনায় তার সমবেদনার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরু হওয়ার পর ইরাকের বহু মারজায়ে তাকলিদ (ধর্মীয় নেতা) দখলদারদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া ঘোষণা করে ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

একই সঙ্গে, ইরাকের জনগণ বিভিন্ন শহরে সমাবেশ করে ইরানের ওপর হামলার নিন্দা জানিয়েছে এবং ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ইরাক সরকারও একাধিকবার এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে দেবে না।

captcha