IQNA

মক্কায় কুরআনের দুষ্প্রাপ্য সিরামিক ফলক প্রদর্শনী

9:22 - April 18, 2026
সংবাদ: 3479070
ইকনা- পবিত্র কুরআনের আয়াত খোদাই করা এক অনন্য সিরামিক ফলক মক্কার কুরআন জাদুঘরে প্রদর্শিত হয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এতে কুরআনের সূচনালগ্নের আয়াতসমূহ নান্দনিক অলংকরণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

ইকনা’র বরাতে সৌদি আরবের সংবাদমাধ্যম জানায়, হেরা সাংস্কৃতিক এলাকায় অবস্থিত মক্কা কুরআন জাদুঘরে ইসলামী শিল্পকলার এক বিরল নিদর্শন সংরক্ষিত রয়েছে। প্রদর্শিত এই সিরামিক ফলকটি কুরআনের প্রথম দিকের আয়াতসমূহকে চিত্ররূপে তুলে ধরে, যেখানে ইসলামী ক্যালিগ্রাফি ও সূক্ষ্ম অলংকরণশৈলীর অপূর্ব সমন্বয় দেখা যায়।

এই শিল্পকর্মটি অনুপ্রাণিত হয়েছে ১১শ হিজরি (১৭শ শতাব্দী) শতকে মুস্তফা জুলফিকার কর্তৃক লিখিত এক মূল্যবান হস্তলিখিত কুরআন থেকে। সেই কুরআনের সূচনালগ্নের আয়াতসমূহই সিরামিক ফলকে নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, যা ইসলামী শিল্পের সৃজনশীলতা ও কুরআন সংরক্ষণের ঐতিহাসিক আগ্রহের প্রতিফলন।

মূল কুরআন পাণ্ডুলিপিটি কিং আবদুলআজিজ কমপ্লেক্সের ওয়াকফ লাইব্রেরির সংগ্রহে সংরক্ষিত রয়েছে, যা বিরল ইসলামী পাণ্ডুলিপি সংরক্ষণে বিশেষভাবে সুপরিচিত একটি প্রতিষ্ঠান।

এই শিল্পকর্ম প্রমাণ করে, মুসলমানরা যুগে যুগে কুরআনকে সর্বোচ্চ সৌন্দর্যে উপস্থাপনের জন্য কতটা আগ্রহী ছিলেন। ফলকের সূক্ষ্ম নকশা, রঙের সামঞ্জস্য ও নিখুঁত বিন্যাস শিল্পীদের উচ্চমানের দক্ষতার পরিচয় বহন করে।

এই প্রদর্শনী মক্কা কুরআন জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে ইসলামী ঐতিহ্যকে তুলে ধরা এবং কুরআনিক ক্যালিগ্রাফির বিবর্তন দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি এটি বিভিন্ন শিল্পধারা, অলংকরণ ও উপস্থাপনার বৈচিত্র্যও তুলে ধরে।

এ ধরনের আয়োজন সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইসলামী শিল্পকলার সভ্যতাগত দিকও তুলে ধরে। এসব শিল্পকর্ম শুধু নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে, যা মুসলমানদের সঙ্গে তাদের পবিত্র কিতাবের গভীর সম্পর্ককে প্রতিফলিত করে।

4346216

captcha