IQNA

লাহোরে আত্মঘাতী হামলা: নিহত ৬৯, ৩ দিনের শোক

23:44 - March 27, 2016
সংবাদ: 2600513
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৬৯ জন নিহত ও ২৮০ ব্যক্তি আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উদ্ধার কর্মকর্তা জাম সাজ্জাদ হুসাইন বলেছেন, গুলশান-ই-ইকবাল পার্কের বাইরে রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটেছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানিয়েছেন। হামলার পর পার্কের আশপাশে এবং আরও কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। এ দিকে, আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। লাহোরের একটি খ্যাতনামা আবাসিক এলাকায় এ পার্ক অবস্থিত। তেহরিকে তালেবান পাকিস্তান এ ন্যক্কারজনক হামলায় দায়িত্ব স্বীকার করেছে।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক জানিয়েছেন, "আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

স্থানীয় পুলিশ প্রধান হায়দার আশরাফ জানিয়েছেন, রোববার ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিকেলে অনেক মানুষ পরিবার নিয়ে পার্কে এসেছিলেন। বিস্ফোরণের সময় বহু মানুষ আতঙ্কে ছুটাছুটি করে পার্ক থেকে বেরিয়ে যান। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি বলে তিনি জানান।

এ ঘটনার পরপরই পাঞ্জাব সরকার সেখানকার সব পার্ক বন্ধ করে দিয়েছে এবং রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছে। উদ্ভুত পরিস্থিতিতে বড় বড় বিপণী কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় শহর হচ্ছে লাহোর। পাঞ্জাব প্রদেশ সাধারণভাবে দেশটির অন্যান্য অংশের তুলনায় শান্ত থাকে।

এদিকে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোমা হামলার ঘটনায় দুঃখ  প্রকাশ করেছেন। কাপুরুষরা নারী ও শিশুদের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেন মোদি। এ শোকের সময় তার দেশ পাকিস্তানের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া, এক বিবৃতিতে কঠোর ভাষায় বোমা হামলার নিন্দা করেছে আমেরিকা। হোয়াইট হাউজ থেকে এ বিবৃতি দেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস। সূত্র: আইআরআইবি#

captcha