
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরান বন্ধুপ্রতীম বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, "এই অশুভ তৎপরতা ও নিরপরাধ মানুষের হত্যার মাধ্যমে আবারো সন্ত্রাসবাদের কুৎসিত চেহারা উন্মোচিত হয়েছে।”
তিনি বলেন, বিশ্বকে অবশ্যই ইরানের শান্তির আহ্বানের প্রতি মনযোগ দিতে হবে এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে হবে। এই সন্ত্রাসী ঘটনার মধ্যদিয়ে এ কথাই প্রমাণিত হলো যে, সন্ত্রাসবাদ কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাহরাম কাসেমি জোর দিয়ে বলেন, যেসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সবার ভেতরে সম্মিলিত সহযোগিতা প্রতিষ্ঠা করতে হবে।
ইরানের মুখপাত্র আরো বলেন, ঘৃণ্য সন্ত্রাসীদের বিষয়ে দ্বিমুখী ও দায় এড়ানোর নীতির কারণে এ অঞ্চল নিঃসন্দেহে অস্থিতিশীল ও অনিরাপদ হয়ে উঠবে। এতে সহিংসতা বাড়বে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর ঝুঁকি সৃষ্টি করবে।
এ অবস্থায় বিশ্বের সব শান্তিকামী দেশকে অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের অমানবিক অপরাধের মাত্রা কমিয়ে আনতে হবে।#