IQNA

0:04 - December 11, 2022
সংবাদ: 3472973

বিশ্বে এ বছর নিহত ৬৭ সাংবাদিক, আটক ৩৭৫

তেহরান (ইকনা): ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে অপরাধীগোষ্ঠীগুলোর দ্বারা ক্রমবর্ধমান সহিংসতার ফলে এ বছর কাজ করতে গিয়ে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টও (আইএফজে) এ তথ্য জানিয়েছে।

বিশ্বে এ বছর নিহত ৬৭ সাংবাদিক, আটক ৩৭৫
আইএফজে শুক্রবার জানিয়েছে, এ বছর বিশ্বে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হত্যার শিকার হয়েছেন। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।
 
 
আইএফজে'র বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সেখানে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা এ বছর অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। তাদের মধ্যে বেশির ভাগই ইউক্রেনীয় সাংবাদিক; তবে বিদেশি কয়েকজন সাংবাদিকও ইউক্রেনে নিহত হয়েছেন। তাদের প্রাণ গেছে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রথম কয়েক সপ্তাহের মধ্যে।
 
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের ১১ মে ইসরায়েলি বাহিনীর হাতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের বিষয়টিও প্রতিবেদনে রেখেছে আইএফজে।  
 
সাংবাদিক আবু আকলেহকে হত্যার ঘটনায় দায়ীদের ব্যাপারে তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে আলজাজিরা নেটওয়ার্ক চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।   
 
আইএফজে জানিয়েছে, অন্তত ৩৭৫ জন গণমাধ্যমকর্মী কারাগারে রয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় বেশি। আটকদের বেশির ভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান এবং বেলারুশের কারাগারে রয়েছে।
 
গণমাধ্যমকর্মীদের হত্যার সংখ্যা বৃদ্ধির ঘটনায় বিভিন্ন দেশের সরকারকে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইএফজে এবং অন্যান্য মিডিয়া অধিকার গোষ্ঠীগুলো।
সূত্র : আলজাজিরা
captcha