তেহরান (ইকনা): হজযাত্রীর সংখ্যা ও বয়সের বিধি-নিষেধ তুলে নিয়ে আগের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সোমবার (৯ জানুয়ারি) জেদ্দা সুপারডোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনীতে এই ঘোষণা দেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। সেদিন চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল ও মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পরিষেবা ব্যবস্থায় গুণমান’।
আরব নিউজ জানায়, এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৮১ জন অতিথি এবং ৫৭টির বেশি দেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, হজ মিশনের প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন। বিশেষজ্ঞদের নির্দেশনায় স্থানীয় ও আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে সমন্বিত ও টেকসই ব্যবস্থা গড়ে তুলে হজযাত্রীদের ভ্রমণকে আরো দুর্দান্ত করাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য।
তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘সৌদি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিশ্বের সব দেশের হজযাত্রীদের সেবা দিয়ে থাকে। স্বাচ্ছন্দ্যে হজ পালনে সর্বোচ্চ মানের সেবা দেওয়াকে নিজের জন্য গর্বের প্রতীক বিবেচনা করা হয়।’ এ সময় তিনি আগামী হজ মৌসুম থেকে করোনাকালের সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার কথা জানান। হজযাত্রীদের সংখ্যা ও বয়সের বাধ্যবাধ্যকতা তুলে নিয়ে আগের মতো হজ আয়োজনের ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি ওমরাহ বিষয়ক সর্বোচ্চ মানের পরিষেবার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের যেকোনো স্থানে ভ্রমণ করা যাচ্ছে। পাশাপাশি অন্য ভিসা নিয়েও ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন সবাই। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।
অনলাইনে মাত্র ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা ইস্যু করা যাচ্ছে।’ ওমরাহযাত্রীদের বিমা ফি কমানোর কথা জানিয়ে হজ বিষয়ক মন্ত্রী জানান, একক ওমরাহ পালনকারীদের প্রিমিয়াম ফি ২৩৫ সৌদি রিয়াল থেকে ৮৮ রিয়াল কমানো হয়েছে। তা ছাড়া যাত্রীদের বিমা ১০৯ সৌদি রিয়াল থেকে ২৯ রিয়াল কমানো হয়। 4113478