IQNA

14:17 - January 13, 2023
সংবাদ: 3473161

কাবুলের হামলার দায় স্বীকার করেছে আইএস

তেহরান (ইকনা): জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বুধবার কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের আত্মঘাতী বোমা হামলায় দায় স্বীকার করেছে। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। তবে তালেবান নিহতের সংখ্যা কমিয়ে বলেছে বলে অভিযোগ উঠেছে।

কাবুলের হামলার দায় স্বীকার করেছে আইএস
ইসলামিক স্টেটের স্থানীয় শাখার বার্তা সংস্থা আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, ‘একজন আইএস সদস্য তালেবান নিরাপত্তা বাধা এড়িয়ে কর্মচারি এবং রক্ষীদের মাঝখানে ঢূকে তার বিস্ফোরক বেল্টটি উড়িয়ে দেয়।’
বুধবার যখন এ বিস্ফোরণ ঘটে তখন বার্তা সংস্থা এএফপির একটি দল পাশের ভবনে থাকা তথ্য মন্ত্রণালয়ের ভেতরে সাক্ষাত্কার নিচ্ছিল।
বাইরে অপেক্ষমান প্রত্যক্ষদর্শী এক গাড়িচালক বলেছেন, ব্যাগ হাতে ও কাঁধে রাইফেল ঝোলানো এক লোক কিছুটা হেঁটে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়। 
জামশেদ করিমি নামে ওই চালক বলেন, ‘লোকটি আমার গাড়ির পাশ দিয়ে হেঁটে যায়। কয়েক সেকেন্ড পরই একটি বিকট বিস্ফোরণ ঘটে।’
করিমি আরও জানান, তিনি ২০ থেকে ২৫ জন হতাহতের ঘটনা দেখেছেন। 
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বিস্ফোরণে পাঁচজন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
তবে ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে) নামে পরিচিত স্থানীয় আইএস শাখা দাবি করেছে, এতে কয়েকজন কূটনৈতিক কর্মচারিসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। তালেবান একজন কর্মকর্তাও ২০ জনের কথা বলেছেন।
সূত্র: এএফপি, বিবিসি
captcha