IQNA

0:01 - August 19, 2023
সংবাদ: 3474232

কিং সাউদ আরববিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়

রিয়াদ (ইকনা): আরববিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে কিং সাউদ ইউনিভার্সিটি। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের মধ্যে র‌্যাংকিংয়ে ১০১-১৫০তম স্থানের মধ্যে আছে। গত ১৮ আগস্ট এ বছরের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে সাংহাই র‌্যাংকিং কনসালটেন্সির দি অ্যাকাডেমিক র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস। তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি।

কিং সাউদ আরববিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়
এরপর পর্যায়ক্রমে আছে কেমব্রিজ ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও হার্ভার্ড ইউনিভার্সিটি।
এ তালিকায় শীর্ষ পাঁচ শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌদি আরবের মোট সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তা হলো কিং সাউদ ইউনিভার্সিটি, কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তায়েফ ইউনিভার্সিটি, প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান ইউনিভার্সিটি, কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ও কিং খালিদ ইউনিভার্সিটি।
 
বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিংয়ের তালিকায় হয়।
 
র‌্যাংকিং বৃদ্ধিতে শিক্ষার গুণমান, অনুষদের সদস্যদের গুণমান, গবেষণার ফল, বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষমতা, স্নাতকদের সংখ্যা, নোবেল পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার ও পদক প্রাপ্তিসহ বিভিন্ন মানদণ্ড অনুসরণ করা হয়।
সৌদি আরবের বাদশাহ সাউদ বিন আবদুল আজিজ ১৯৫৭ সালে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশটির প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রিয়াদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। ১৯৬৪ সালে এর নাম পরিবর্তন করে কিং সাউদ ইউনিভার্সিটি রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শায়ায় ২৪টির বেশি অনুষদে প্রায় ৬০ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করেন।
 
তাঁরা শিক্ষাবৃত্তিসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা লাভ করেন। প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ভর্তির সুযোগ পেয়ে থাকেন। https://ali-admit.ksu.edu.sa/  লিংকে স্নাতক, স্নাতকোত্তর স্তরে আবেদন করার সুযোগ রয়েছে।
সূত্র : আরব নিউজ
captcha