IQNA

22:51 - September 25, 2023
সংবাদ: 3474386

যে তাবেঈনের প্রশংসা করেছেন মহানবী (সা.)

তেহরান (ইকনা): উওয়াইস আল কারনি (রহ.) একজন তাবেঈন ছিলেন। রাসুল (সা.)-এর যুগে ইসলাম গ্রহণ করেও প্রিয় নবীর সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর বৃদ্ধা মায়ের খেদমত করতে গিয়ে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি প্রিয় নবী (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তাঁকে অনেক বড় সাহাবিরা না দেখেই চিনতেন।

যে তাবেঈনের প্রশংসা করেছেন মহানবী (সা.)
কারণ তাঁরা মহানবী (সা.)-এর কাছে তাঁর নাম শুনেছেন। ওমর ইবনুল খাত্তার (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি, অবশ্যই তাবেঈনদের মধ্যে সে লোক শ্রেষ্ঠ যে ‘উওয়াইস’ নামে খ্যাত। তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠরোগ হয়েছিল। তোমরা তার কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে।
(মুসলিম, হাদিস : ৬৩৮৫)
এ কারণেই ওমর ইবনুল খাত্তাব (রা.) ইয়েমেনের কোনো সাহায্যকারী দল এলে তাদের মধ্যে উওয়াইস আল কারনিকে খুঁজে বেড়াতেন। উসাইর ইবনে জাবের (রা.) থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর অভ্যাস ছিল, যখন ইয়েমেনের কোনো সাহায্যকারী ফৌজ তাঁর কাছে আসত তখন তিনি তাঁদের প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কি উওয়াইস ইবনু আমির রয়েছে? পরিশেষে তিনি উওয়াইসকে পান। তখন তিনি বলেন, ‘তুমি কি উওয়াইস ইবনু আমির?’ তিনি (উওয়াইস) বলেন, হ্যাঁ। তিনি প্রশ্ন করেন, ‘মুরাদ গোষ্ঠীর কারান কাওমের?’ তিনি বলেন, ‘হ্যাঁ।
 
’ জানতে চাইলেন, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল এবং তা নিরাময় হয়েছে, শুধুমাত্র এক দিরহাম জায়গা ছাড়া? তিনি বলেন, হ্যাঁ। প্রশ্ন করেন, ‘তোমার মা আছেন কি?’ তিনি বলেন, ‘হ্যাঁ।’ তখন ওমর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘তোমাদের নিকট মুরাদ গোষ্ঠীর কারান বংশের উওয়াইস ইবনে আমির ইয়েমেনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে। তাঁর কুষ্ঠরোগ ছিল। পরে তিনি সুস্থ হয়ে গেছেন।
শুধু এক দিরহাম ছাড়া। তাঁর মা আছেন। সে তাঁর প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর ওপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তাঁর কাছে মাগফিরাতের দোয়া প্রার্থনার সুযোগ পাও তাহলে তা করবে।’ কাজেই আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া কামনা করুন। তখন উওয়াইস (রা.) তাঁর মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন। তারপর ওমর (রা.) তাঁকে বলেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বলেন, কুফা অঞ্চলে। ওমর (রা.) বলেন, আমি কি তোমার জন্য কুফার প্রশাসকের কাছে চিঠি লিখে দেব? তিনি বলেন, আমি বিনীত ও দারিদ্র্যপীড়িত লোকদের মধ্যে অবস্থান করাই পছন্দ করি। বর্ণনাকারী বলেন, পরবর্তী বছরে তাঁদের অভিজাত লোকদের মাঝে এক লোক হজ করতে এলো এবং ওমর (রা.)-এর সঙ্গে তাঁর দেখা হলো। তখন তিনি তাঁকে উওয়াইস কারনি (রহ.)-এর অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। সে বলল, আমি তাঁকে নিঃস্ব দরিদ্র অবস্থায় রেখে এসেছি। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি—তিনি বলেছেন, ‘তোমাদের কাছে কারান বংশের মুরাদ গোত্রের উওয়াইস ইবনে আমির (রা.) ইয়েমেনের একদল সাহায্যকারীর সঙ্গে আসবে। তাঁর ছিল কুষ্ঠরোগ। সে তা থেকে নিরাময় লাভ করে, এক দিরহাম জায়গা ছাড়া। তাঁর মা আছেন, সে তাঁর প্রতি অতি সেবাপরায়ণ। সে যদি আল্লাহর নামে শপথ করে তাহলে আল্লাহ তাআলা তা পূরণ করে দেন। তোমরা নিজের জন্য তাঁর কাছে মাগফিরাতের দোয়া কামনা করবে। অতঃপর উওয়াইস (রহ.)-এর কাছে ফিরে গিয়ে দোয়া কামনা করেন। তিনি বলেন, আপনি তো নেক সফর থেকে সবেমাত্র এসেছেন। কাজেই আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া প্রার্থনা করুন। সে লোক বলল, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া কামনা করুন। উওয়াইস (রহ.) বলেন, আপনি সদ্য নেক সফর থেকে এসেছেন, আপনি আমার মাগফিরাতের জন্য দোয়া করুন। অতঃপর তিনি প্রশ্ন করেন, আপনি কি ওমর (রা.)-এর দেখা পেয়েছেন? সে বলল, হ্যাঁ। তখন তিনি তাঁর জন্য মাগফিরাতের দোয়া কামনা করেন। তখন লোকেরা তাঁর মর্যাদা সম্বন্ধে অবগত হলেন। এরপর তিনি তাঁর সামনে চলেন।
উসায়র (রহ.) বলেন, আমি তাঁকে একটি ডোরাদার চাদর পরিয়ে দিলাম। অতঃপর কোনো মানুষ যখন তাঁকে দেখত তখন জানতে চাইত, উওয়াইসের কাছে এই চাদরটি কোত্থেকে এলো? (মুসলিম, হাদিস : ৬৩৮৬)
 
অনেকের মতে, ওই চাদরটি ছিল উওয়াইস আল কারনি (রহ.)-এর জন্য প্রিয় নবী (সা.)-এর রেখে যাওয়া চাদর। যা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলের খিরকা শরিফ মসজিদে সংরক্ষিত আছে। (তুর্ক-নাও ডটকম)
captcha