
বৈঠকে সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের যৌথ উদ্যোগে একটি প্রস্তাব তুলে ধরা হয়।
তাতে মিসর ও জর্দানের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে শান্তিপ্রক্রিয়া আবার শুরু করতে বলা হয়। এতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে এবং ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। তা ছাড়া ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখলদারির অবসান ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানানো হয়।
বৈঠকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা, ত্রাণ সরবরাহ ও মৌলিক প্রয়োজন পূরণে নিরবচ্ছিন্ন অনুমোদনের পাশাপাশি অবৈধ অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
তা ছাড়া সেখানকার অধিবাসীদের বাস্তুচ্যুত বা স্থানান্তর করার যেকোনো প্রচেষ্টা বন্ধ করাসহ ফিলিস্তিনি জনগণের স্থিতিশীলতার প্রতি দৃঢ় সমর্থন জানানো হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, তাদের ওপর হামলা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। নিরপরাধ জিম্মি ও বন্দিদের মুক্তি, বিশেষ করে নারী, শিশু, অসুস্থ, বয়স্ক ও দুর্বল গোষ্ঠীর মুক্তির ওপর জোর দেওয়া হয়।
সূত্র : সৌদি গেজেট