IQNA

মক্কার ১৭ শতাংশ ভূমিতে সবুজের সমাবেশ

9:17 - January 09, 2024
সংবাদ: 3474912
ইকনা: সৌদি আরবের মক্কা অঞ্চলের বেশির ভাগ স্থান সবুজ গাছপালায় ছেয়ে গেছে। ২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে এই অঞ্চলে ৬০০ শতাংশ গাছপালা হয়েছে বলে জানিয়েছে দেশটির বৃক্ষ উন্নয়ন ও মরুকরণ প্রতিরোধ প্রতিষ্ঠান দ্য সৌদি ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কাভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। গাছপালার উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে এ মৌসুমের বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে।

কারণ এ সময়ে কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
সংস্থাটির জরিপের ডাটা বিশ্লেষণ করে জানা যায়, গত আগস্টে মক্কায় গাছপালা আবৃত অঞ্চলের পরিমাণ ছিল ৩৫২৯.৪ বর্গকিলোমিটার, যা ওই অঞ্চলের প্রায় ২.৩ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত। পরবর্তী মাসগুলোতে মক্কায় বৃষ্টিপাত হতে থাকায় গাছপালা আবৃত এলাকা আরো প্রসারিত হতে থাকে। বছরের শেষ নাগাদ গাছপালা আবৃত এলাকার মোট পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ২৫৬ বর্গকিলোমিটারে।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মক্কা অঞ্চলের ১৭.১ শতাংশ এলাকা গাছপালায় ছেয়ে যায়। বিশেষ করে লোহিত সাগরের উপকূলের কাছে পার্বত্য ও উঁচু অঞ্চলগুলোতে এই পরিবর্তন দেখা দিয়েছে। মক্কা, তায়েফ, আল লাইথ, আল জুমুম, আল কামিল ও খুলাইস গভার্নরেটের ৫০০ থেকে দুই হাজার ৬০০ মিটার পর্যন্ত এলাকায় গাছপালার বৃদ্ধি লক্ষ করা গেছে।

দ্য ন্যাশনাল সেন্টার গাছপালা আবৃত অঞ্চল নিয়ে গভীর গবেষণা পরিচালনা করে এবং প্রকল্প এলাকাগুলোতে পরিবর্তন পর্যবেক্ষণ করে।

এটি বিভিন্ন এলাকায় জরিপ চালায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবর্তনগুলো চিহ্নিত করে, বৃষ্টিপাতের মাত্রা পরিমাপ করে এবং গাছপালার সুস্থতা নিরূপণ করে।
    সূত্র : আরব নিউজ

captcha