
বিডিনিউজ২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ফ্রান্সের করসিকা দ্বীপের কেন্দ্রস্থলে আগুনে পুড়ে মারাত্মক ক্ষতি হয়েছে একটি মসজিদ। দ্বীপ প্রশাসন জানিয়েছে, মসজিদটিতে আগুন লাগে রাতে। চার মাস আগে গত ডিসেম্বরে এ দ্বীপে আরো একটি মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা।
আজাসিওর মসজিদের আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ বলছে, মসজিদের ভেতরে অন্তত দু’টি স্থানে আগুনের সূত্রপাত হওয়ার আলামত পাওয়া গেছে।
মসজিদে আগুনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আজাসিও মেয়র লওরেন্ট মারকানজেলি। বলেছেন, ধর্মীয় উপসালয়ে আগুন লাগানোর ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
স্থানীয় টেলিভিশন চ্যানেল আইটিএলই’কে মেয়র জানান, মসজিদে আগুনের ঘটনা প্রমাণ করে যে, স্পর্শকাতর এ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় মনোযোগ দেয়া হয়নি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জাতিগত দাঙ্গায় অশান্ত হয়ে উঠে ফ্রান্সের এ দ্বীপটি। কয়েকদিন ধরে চলা জাতিগত ওই দাঙ্গায় অভিবাসী মুসলমানদের বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই দাঙ্গার সময় একটি মসজিদেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে অভিবাসীবিরোধীরা। ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুনে নেভাতে গেলে তাদেরও মারধোর করা হয়।#
3493502