ইকনা’র বরাত দিয়ে আল-কুদস আল-আরাবী জানিয়েছে, ফিলিস্তিনের ওয়াকফ মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে রামাল্লাহর উত্তরে জালজুলিয়া ও মাজারে আন-নুবানী গ্রামের দু’টি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি বিপজ্জনক আগ্রাসন যা ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং পবিত্র স্থানসমূহের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক আইন ও কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।
ওয়াকফ মন্ত্রণালয় আরও বলেছে, এই ধরনের আগ্রাসন উত্তেজনা ও সংঘাতকে ভয়ানকভাবে বাড়িয়ে তুলছে এবং ফিলিস্তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এটি ইসলামী ও খ্রিস্টীয় পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার একটি পরিকল্পিত নীতির অংশ।
মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করতে, পবিত্র স্থানসমূহ রক্ষা করতে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থানের বিরুদ্ধে বারবার সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
ঘটনার বিবরণ আজ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রামাল্লাহর উত্তরে জালজুলিয়া গ্রামে হামলা চালিয়ে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং মসজিদ ও আশপাশের ভবনের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে দেয়।
এর দু’দিন আগেও বসতি স্থাপনকারীরা রামাল্লাহর পূর্বে বুরকা গ্রামে হামলা চালিয়ে মসজিদ আন-নূর-এ আগুন দেয় এবং কয়েকজন নামাজীকে ঘিরে ফেলে। 4358921#