চরমপন্থী সিওনিস্ট মন্ত্রী গাজার সম্পূর্ণ দখলের দাবি জানিয়েছেন
ইকনা’র বরাত দিয়ে আরবি ২১ জানিয়েছে, সিওনিস্ট রেজিমের অর্থমন্ত্রী ও চরম ডানপন্থী রাজনীতিবিদ বেজালেল স্মোট্রিচ রবিবার গাজা উপত্যকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখানে একটি সিওনিস্ট সামরিক প্রশাসন গঠনের দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন যে, এছাড়া আর কোনো বিকল্প নেই।
হিব্রু নিউজ সাইট Hadashot ৩৬০-এ প্রকাশিত প্রতিবেদনে স্মোট্রিচ বলেছেন, সিওনিস্ট রেজিমকে অবশ্যই গাজা উপত্যকার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এবং একটি সামরিক প্রশাসনের মাধ্যমে এটি পরিচালনা করতে হবে। একইসঙ্গে তিনি গাজার অভ্যন্তরে আবারও ইহুদি বসতি স্থাপনের দাবি জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৭৩,০৩২ জন শহীদ এবং ১,৭৩,৩৫৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়টি দৈনিক প্রতিবেদনে জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন শহীদ এবং ৪১ জন আহত গাজার হাসপাতালে এসেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক শহীদ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কারণ অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। 4359635#