ইকনা’র বরাত দিয়ে ইলেকট্রনিক দৈনিক ‘আল-আমা’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিন্দুত্ববাদী এক নেতার বক্তব্যে ভারতীয় মুসলমান ও তাদের সন্তানদের বিরুদ্ধে উস্কানিমূলক আহ্বান থাকায় তা ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। এতে দেশে ধর্মীয় বিদ্বেষ ও মেরুকরণ আরও তীব্র হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যাতে দেখা যায়, ওই রাজ্যের হিন্দু রক্ষা দলের প্রধান ললিত শর্মা তার সমর্থকদের সামনে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ ভাষায় বক্তব্য রাখছেন। তার কিছু বক্তব্য ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকরা এটিকে সরাসরি সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর উস্কানি বলে অভিহিত করেছেন।
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা ললিত শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা জোর দিয়ে বলেছেন যে, এ ধরনের বক্তব্য সামাজিক সহাবস্থান ও শান্তির নীতির পরিপন্থী এবং এটি সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়াতে পারে।
ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগে চরমপন্থী সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা মনে করেন, এ ঘটনা ভারতে বিদ্বেষ ছড়ানো নিয়ে চলমান বিতর্কের আরেকটি উদাহরণ। এছাড়া এটি আইন প্রয়োগের কার্যকারিতা এবং সহিংসতা ও বৈষম্য উস্কানি দেওয়া বক্তব্যের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।4359457#